দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া তার সাধ্যমতো ‘সবকিছু’ করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৭ এপ্রিল) সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
পুতিন বলেন, ইরানের স্বার্থ এবং এ অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষায় দ্রুত শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া কাজ করবে। একইসঙ্গে ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবস্থানের প্রশংসাও করেন তিনি।
রুশ সংবাদমাধ্যম তাসের বরাতে জানা যায়, বৈঠকে রাশিয়া-ইরান কৌশলগত সম্পর্ক আরও জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করেন পুতিন।
অন্যদিকে মস্কো পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সমঝোতার আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেন। তবে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে বলেও জানান তিনি।
আরাঘচি বলেন, আগের দফার আলোচনায় মার্কিন অবস্থান ও অতিরিক্ত দাবির কারণে অগ্রগতি সত্ত্বেও লক্ষ্য অর্জন সম্ভব হয়নি।
এদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে কিছু ‘লিখিত বার্তা’ পাঠিয়েছে তেহরান। সেখানে পারমাণবিক ইস্যু ও হরমুজ প্রণালিকে ঘিরে ইরানের ‘রেড লাইন’ তুলে ধরা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুদ্ধ অবসানে ইরান একটি নতুন প্রস্তাবও দিয়েছে। এতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এমএস/